সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং সিরিয়ার সরকার।
ইইউ’র পক্ষে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, “যুদ্ধবিরতির এ চুক্তিকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলো বাদে সব পক্ষের জন্য এই চুক্তি সফলভাবে বাস্তবায়ন করা জরুরি।” এ চুক্তির আলোকে তিনি সিরিয়ায় রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া শুরুরও আহ্বান জানিয়েছেন।
গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছান। আজ সূর্যাস্তের পর এ চুক্তি কার্যকর হওয়ার কথা। চুক্তিতে সিরিয়ার চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমধানের বিষয়ে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আংকারা এ চুক্তির সফল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য চেষ্টা চালাবে এবং সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের জন্য একে মাধ্যম হিসেবে কাজে লাগাবে।
ওদিকে, সিরিয়ার কথিত প্রধান বিরোধী গোষ্ঠী হাই নেগোসিয়েশন্স কমিটি সতর্কতার সঙ্গে এ চুক্তিকে স্বাগত জানিয়েছে। এ গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের সদস্য বাসমা কোদমানি বলেছেন, যদি এ চুক্তি বাস্তাবায়িত হয় তাহলে আমরা একে স্বাগত জানাই। এ গোষ্ঠীর পেছনে রয়েছে সৌদি আরব ও পশ্চিমা দেশগুলো।
برچسب:
نویسنده: رادین حیدری