বিশিষ্ট ফিকাহবিদ ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা নুরী হামাদানি বলেছেন যে, শিয়া মাযহাবের ফিকাহ শাস্ত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং মানব জীবনে সকল সমস্যা সমাধানে সক্ষম।
হযরত আয়াতুল্লাহ আল উযমা নুরী হামাদানি আজ ইরানের রাজধানী তেহরানের ধর্মীয় মাদ্রাসাসমূহের নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: প্রশিক্ষণ ও শিক্ষা মানব জীবনে অতীব জরুরী একটি বিষয়। আর হাওজা-এ-ইলমীয়্যাহ তথা ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলো নৈতিক প্রশিক্ষণের সবচেয়ে উত্তম স্থান।
তিনি ইসলামে ধর্মীয় শিক্ষা কেন্দ্রের বিশেষ গুরুত্বের প্রতি ইশারা করে বলেন: ইসলামে সর্বপ্রথম যে ধর্মীয় শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল তা ছিল স্বয়ং রাসূলের (সা.) তত্বাবধানে। তিনি মদীনার মসজিদে নববীতে মুসলিম নারী ও পুরুষদের মধ্যে ইসলাম ও কোরআনের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে প্রতিদিন সেখানে শিক্ষা দানের ব্যবস্থা করতেন।
তিনি শিয়া মাযহাবের ফিকাহ শাস্ত্রের বিশেষ সমৃদ্ধির কথা উল্লেখ করে বলেন: শিয়া মাযহাবের ফিকাহশাস্ত্র ইসলামের সার্বিক বিধানাবলীর এক পূর্ণাঙ্গ সমাহার। কেননা শিয়া মাযহাবের ফিকাহশাস্ত্র এমন স্বর্গীয় ও মাসুম ইমামগণ (আ.) থেকে বর্ণিত হয়েছে; যারা সরাসরি মহান আল্লাহ ও রাসূলের (সা.) সাথে সম্পৃক্ত। এ শাস্ত্রে মানব জীবনে প্রয়োজনীয় যাবতীয় বিষয়াবলীর যথাযথ সমাধান তুলে ধরা হয়েছে।
برچسب:
نویسنده: رادین حیدری